
প্রকৃতির ছোঁয়া পেতে ফ্ল্যাটবাড়িতে যত্নে থাকুক ইনডোর প্ল্যান্ট
কংক্রিটের এই শহরে ফ্ল্যাটবাড়িগুলোতে একটুখানি সবুজের ছোঁয়া আনতে ইনডোর প্ল্যান্টের জুড়ি নেই। ছোট ছোট টবে সাজানো এই গাছগুলো যেমন ঘরের নান্দনিকতা বাড়ায়, তেমনি মানসিক প্রশান্তিও দেয়। তবে সঠিক যত্নের অভাবে অনেক সময় শখের গাছটি মলিন হয়ে পড়ে, পাতা ঝরে যায় কিংবা হঠাৎ মারা যায়। বিশেষজ্ঞদের মতে, সামান্য কিছু নিয়ম মেনে চললে ঘরের গাছও দীর্ঘ সময় সতেজ রাখা সম্ভব।
ঘর বা বারান্দায় কোন গাছ রাখবেন?
ইনডোর প্ল্যান্ট হিসেবে বর্তমানে বেশ কিছু গাছ জনপ্রিয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- স্নেক প্ল্যান্ট, মানিপ্ল্যান্ট (পোথোস), অ্যালোভেরা, পিস লিলি, স্পাইডার প্ল্যান্ট, এয়ার প্ল্যান্ট, রাবার প্ল্যান্ট, ড্রেসিনা, ইংলিশ আইভি, জেড প্ল্যান্ট।
ইনডোর প্ল্যান্টের যত্নে কেবল পানি দেওয়াই যথেষ্ট নয়, নজর দিতে হয় আরও কিছু জরুরি বিষয়ে:
পানির ভারসাম্য বজায় রাখা
মাটি একেবারে শুকিয়ে গেলে গাছ দুর্বল হয়ে পড়ে, আবার অতিরিক্ত পানি দিলে গোড়া পচে যেতে পারে। তাই মাটি হালকা স্যাঁতসেঁতে রাখতে হবে। মাটির উপরিভাগে পানি জমে থাকলে বুঝতে হবে পানি বেশি হয়েছে। পানি দেওয়ার আগে মাটির ভেতর আঙুল ঢুকিয়ে পরীক্ষা করে নিন; যদি শুকনো লাগে তবেই পানি দিন।

ইনডোর প্ল্যান্টের যত্নে কেবল পানি দেওয়াই যথেষ্ট নয়
তাপমাত্রার দিকে নজর
গাছে খুব ঠান্ডা বা খুব গরম পানি দেওয়া ক্ষতিকর। সবসময় ঘরের স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করা উচিত। এছাড়া বারবার গাছের জায়গা পরিবর্তন করা ঠিক নয়। এতে গাছ নতুন পরিবেশে মানিয়ে নিতে হিমশিম খায় এবং বৃদ্ধি কমে যায়।
আলোর প্রয়োজনীয়তা
আলো ছাড়া গাছ খাবার তৈরি করতে পারে না। তাই গাছ এমন স্থানে রাখুন যেখানে পর্যাপ্ত নরম আলো পৌঁছায়। তবে মনে রাখতে হবে, সরাসরি তীব্র রোদ ইনডোর প্ল্যান্টের জন্য ক্ষতিকর হতে পারে।
আর্দ্রতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা
ঘরের বাতাসে আর্দ্রতা বজায় রাখতে মাঝে মাঝে গাছের পাতায় পানি ছিটিয়ে দিন। এছাড়া পাতার ওপর ধুলো জমলে গাছের বৃদ্ধি কমে যায় এবং তা মলিন দেখায়। তাই নরম কাপড় বা ব্রাশ দিয়ে নিয়মিত পাতার ধুলো পরিষ্কার করতে হবে।
সঠিক সার ও পোকামাকড় দমন
গাছের সুস্থ বৃদ্ধির জন্য নিয়ম মেনে সার প্রয়োগ করুন। খেয়াল রাখুন টবের নিচে যেন পানি বের হওয়ার পথ থাকে। যদি ছোট পোকার উপদ্রব ঘটে, তবে দ্রুত ব্যবস্থা নিন। কাপড়ে অল্প অ্যালকোহল লাগিয়ে আক্রান্ত পাতা মুছে দিলে অনেক সময় পোকা কমে যায়, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শে ওষুধ ব্যবহার করুন।

ছোট ছোট টবে সাজানো এই গাছগুলো যেমন ঘরের নান্দনিকতা বাড়ায়, তেমনি মানসিক প্রশান্তিও দেয়
ঘর থেকে দূরে থাকলে বিশেষ ব্যবস্থা
অনেক সময় কয়েকদিন বাসার বাইরে থাকলে যত্নের অভাবে গাছ মারা যায়। এক্ষেত্রে বাইরে যাওয়ার আগে গাছগুলোকে সরাসরি জানালার পাশ থেকে সরিয়ে কিছুটা ছায়াযুক্ত জায়গায় রাখুন যাতে মাটি দ্রুত না শুকায়। পানির জন্য ‘সেলফ ওয়াটারিং’ পদ্ধতি ব্যবহার করতে পারেন—একটি বড় পাত্রে পানি ভরে তাতে সুতি সুতা বা দড়ির এক প্রান্ত চুবিয়ে অন্য প্রান্ত গাছের গোড়ায় মাটির গভীরে দিয়ে রাখুন। এতে গাছ প্রয়োজনমতো পানি টেনে নেবে। এছাড়া গাছের গোড়ায় ভেজা খড় বা নারিকেলের ছোবড়া দিয়ে ঢেকে দিলেও আর্দ্রতা দীর্ঘস্থায়ী হয়।
শহুরে ব্যস্ত জীবনে একটুখানি সবুজ আপনার ঘরকে করে তুলতে পারে প্রাণবন্ত। সামান্য সচেতনতা আর নিয়মিত পরিচর্যাই পারে আপনার শখের ইনডোর প্ল্যান্টকে দীর্ঘদিন সবুজ ও সতেজ রাখতে।
ভিজুয়াল স্টোরি











































