শনিবার । মে ১৬, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১৫ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শেয়ার

এফএ কাপ ফাইনালে মুখোমুখি চেলসি-ম্যানসিটি, ইতিহাস গড়ার সুযোগ গার্দিওলার দলের


FA Cup

এফএ কাপে দুই দলের এটি হবে ১১তম দেখা, যেখানে এগিয়ে ম্যানসিটি—জয় ৬টি, চেলসির ৪টি

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী FA Cup-এর ১৪৫তম ফাইনালে শনিবার মুখোমুখি হবে চেলসি ও ম্যানচেস্টার সিটি। ম্যাচটি ঘিরে উত্তেজনা তুঙ্গে, কারণ টানা চারটি এফএ কাপ ফাইনালে খেলার রেকর্ড গড়তে যাচ্ছে ম্যানচেস্টার সিটি।

দুই দল মিলিয়ে এ পর্যন্ত ১৫ বার এফএ কাপ জিতেছে। তবে আশ্চর্যের বিষয়, এতদিনে এই প্রথম ফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছে চেলসি ও ম্যানসিটি।

গত মৌসুমে ফাইনালে সিটিকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল ক্রিস্টাল প্যালেস। সেই ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন এবার আর্সেনালে যোগ দেওয়া এবেরেচি এজে।

চেলসি ফাইনালে ওঠার পথে সেমিফাইনালে লিডস ইউনাইটেডকে হারায়। ম্যাচের একমাত্র গোলটি করেন এনজো ফার্নান্দেজ। কোয়ার্টার ফাইনালে তারা ৭-০ গোলের বড় ব্যবধানে হারায় পোর্ট ভ্যালিকে।

অন্যদিকে ম্যানসিটি সেমিফাইনালে কঠিন লড়াইয়ের পর চ্যাম্পিয়নশিপের দল সাউথাম্পটনকে হারায়। শেষ মুহূর্তের গোলে দলকে জেতান নিকো গনজালেস। এর আগে কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় পেপ গার্দিওলার দল।

সবশেষ প্রিমিয়ার লিগ সাক্ষাতে চেলসিকে ৩-০ গোলে হারিয়েছিল ম্যানসিটি। স্ট্যামফোর্ড ব্রিজে সেই ম্যাচে গোল করেছিলেন নিকো ও’রেইলি, মার্ক গেহি ও জেরেমি দকু।

প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে আছে ম্যানসিটি। শীর্ষে থাকা আর্সেনাল থেকে তারা পিছিয়ে মাত্র দুই পয়েন্টে। অন্যদিকে মৌসুমজুড়ে কোচ পরিবর্তনের মধ্যে থাকা চেলসি রয়েছে নবম স্থানে।

চলতি মৌসুমে এনজো মারেসকা ও লিয়াম রোজেনিয়রকে বরখাস্ত করেছে চেলসি। বর্তমানে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যালাম ম্যাকফারলেন।

এফএ কাপে চেলসির এটি হতে পারে নবম শিরোপা। সর্বশেষ তারা ট্রফি জিতেছিল ২০২২ সালে। অন্যদিকে ম্যানসিটি শেষবার শিরোপা জেতে ২০২৩ সালে।

এফএ কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল আর্সেনাল, তাদের শিরোপা ১৪টি। ১৩টি ট্রফি নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

চেলসি ও ম্যানসিটির এটি হবে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮১তম মুখোমুখি। এর মধ্যে চেলসি জিতেছে ৯৯ ম্যাচ, আর ম্যানসিটি জিতেছে ৬৮টি। এফএ কাপে দুই দলের এটি হবে ১১তম দেখা, যেখানে এগিয়ে ম্যানসিটি—জয় ৬টি, চেলসির ৪টি।