
সংগৃহীত ছবি
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে তাপমাত্রা নিয়ন্ত্রণ মিটার (টেম্পারেচার মনিটরিং সিস্টেম) না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এর আগে গত মঙ্গলবার রাতে হাসপাতালটির একটি ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার কারণ অনুসন্ধানে পরদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
এদিকে, নবজাতকদের মধ্যে একজনের পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার পর গত শনিবার আদ-দ্বীন হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। পরিদর্শনকালে হাসপাতাল ভবনের ছাদে একটি বেকারি দেখতে পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, বেকারিটি হাসপাতালের অভ্যন্তরে নয়, পাশের একটি স্থাপনায় অবস্থিত। যদিও সেখান থেকেই রোগীদের জন্য খাবার সরবরাহ করা হয় বলে তারা জানিয়েছে।










































