সোমবার । জুন ১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১ জুন ২০২৬, ৭:৩৮ পূর্বাহ্ন
শেয়ার

সীতাকুণ্ডে চার যানবাহনের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত ২৫


Sitakundo-Accident

সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার বাড়বকুণ্ড বাজার এলাকায় যাত্রীবাহী বাস, ড্রাম ট্রাক, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ধারাবাহিক সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত জারিয়া বেগম (৪৫) বাড়বকুণ্ড ইউনিয়নের মিয়ারজীপাড়া এলাকার বাসিন্দা এবং জহুরুল আলমের স্ত্রী। দুর্ঘটনার সময় তিনি সড়কের পাশে অবস্থান করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি সৌদিয়া পরিবহনের বাস বাড়বকুণ্ড বাজার এলাকায় পৌঁছালে মহাসড়কে ওঠার চেষ্টা করা একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় বাসের ধাক্কায় জারিয়া বেগম ঘটনাস্থলেই নিহত হন।

প্রাথমিক দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের মাঝখানে থেমে গেলে পেছন থেকে আসা একটি ড্রাম ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়। এতে অটোরিকশাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে ট্রাকটি সড়কের পাশের একটি বেকারির ভেতরে আংশিক ঢুকে পড়ে।

এ ঘটনায় বাস, মাইক্রোবাস ও অটোরিকশার যাত্রীসহ অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে পুলিশ এবং কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম হক জানান, আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস, মাইক্রোবাস, ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।