
ফাইল ছবি
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে ফুটবলের প্রচলিত নিয়মে বড় ধরনের পরিবর্তন আনছে ফিফা ও আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। খেলার গতি বাড়ানো, সময়ক্ষেপণ রোধ, প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং মাঠে শৃঙ্খলা নিশ্চিত করতে চারটি নতুন নিয়ম কার্যকর করা হবে।
সময় নষ্ট করলেই কঠোর শাস্তি: নতুন নিয়ম অনুযায়ী গোলকিপার আট সেকেন্ডের বেশি বল হাতে রাখতে পারবেন না। নির্ধারিত সময়ের বেশি বল ধরে রাখলে প্রতিপক্ষ দল কর্নার কিক পাবে। এছাড়া থ্রো-ইন নিতে অযথা দেরি করলে বলের দখল প্রতিপক্ষকে দেওয়া হবে। বদলি খেলোয়াড়ও নির্ধারিত সময়ের মধ্যে মাঠে প্রবেশ না করলে দলকে সাময়িকভাবে একজন কম খেলোয়াড় নিয়ে খেলতে হতে পারে। ফিফার বিশ্বাস, এ নিয়ম ম্যাচে সময়ক্ষেপণ কমিয়ে খেলাকে আরও গতিশীল করবে।
ভিএআরের ব্যবহার আরও বাড়ছে: ২০২৬ বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করা হচ্ছে। নতুন নিয়মে দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্তও ভিএআরের মাধ্যমে পর্যালোচনা করা যাবে। পাশাপাশি কর্নার কিক ও গোল কিক সংক্রান্ত বিতর্কিত সিদ্ধান্তেও প্রযুক্তির সহায়তা নেওয়া হবে। এর ফলে ভুল সিদ্ধান্ত কমবে এবং ম্যাচ পরিচালনায় স্বচ্ছতা বাড়বে বলে মনে করছে ফিফা।
প্রতি অর্ধে থাকবে বাধ্যতামূলক কুলিং ব্রেক: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর গরম আবহাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষায় নতুন নিয়ম চালু করা হচ্ছে। প্রতি ৩০ মিনিট পর তিন মিনিটের কুলিং ব্রেক থাকবে, যাতে খেলোয়াড়রা বিশ্রাম ও পানি পানের সুযোগ পান। ফিফার মতে, এতে হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমবে এবং খেলোয়াড়রা পুরো ম্যাচজুড়ে সর্বোচ্চ পারফরম্যান্স দিতে পারবেন।
মুখ ঢেকে কথা বললে কঠোর ব্যবস্থা: মাঠে মুখ ঢেকে কথা বলার প্রবণতার বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে ফিফা। নতুন নিয়মে কোনো খেলোয়াড় মুখ ঢেকে বর্ণবাদী বা আপত্তিকর মন্তব্য করলে সরাসরি লাল কার্ড দেখানো যাবে। এ নিয়ম মাঠে শৃঙ্খলা বজায় রাখা এবং বর্ণবাদ ও অপমানজনক আচরণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ফিফার মতে, আধুনিক ফুটবলকে আরও দ্রুত, স্বচ্ছ ও দর্শকবান্ধব করে তুলতেই এসব পরিবর্তন আনা হচ্ছে। ফলে ২০২৬ বিশ্বকাপ শুধু ফুটবল তারকাদের লড়াই নয়, নতুন নিয়মেরও এক বড় পরীক্ষামঞ্চ হতে যাচ্ছে।
















































