
ছবি: সংগৃহীত
ময়মনসিংহে ঢাকাগামী ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার জেরে ময়মনসিংহ-জামালপুর রুটে আপাতত ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ট্রেনটিকে উদ্ধার করতে গিয়ে লাইনচ্যুত হয়েছে উদ্ধারকারী ট্রেনও।
আজ বুধবার (১০ জুন) সকাল ৯টার দিকে নগরের কলেজ রোড এলাকার রেলক্রসিংয়ে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। পরে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে ময়মনসিংহ লোকোশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। তবে সকাল ১০টার দিকে ময়মনসিংহ জংশন স্টেশনের আগে কৃষ্টপুর এলাকায় উদ্ধারকারী ট্রেনটিও লাইনচ্যুত হয়।
দুটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ ও ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার পর সামনের নয়টি বগি নিয়ে ট্রেনটি স্টেশনে পৌঁছে যায়। পরে পেছনে আটকে থাকা অংশ উদ্ধারে উদ্ধারকারী ট্রেন পাঠানো হলে সেটিও লাইনচ্যুত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে।













































