শনিবার । জুন ১৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১২ জুন ২০২৬, ৯:২১ অপরাহ্ন
শেয়ার

তিন প্রতিমন্ত্রী হঠাৎ কক্সবাজার সমুদ্র সৈকতে পরিদর্শনে


Coxsbazar

কক্সবাজার সমুদ্র সৈকতে আকস্মিক পরিদর্শনে গেছেন তিন প্রতিমন্ত্রী। শুক্রবার (১২ জুন) বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরিফুল আলম এবং ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তারা কলাতলী থেকে সুগন্ধা হয়ে লাবণী পয়েন্ট পর্যন্ত হেঁটে পর্যটকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পর্যটকদের নিরাপত্তা, সৈকতের পরিচ্ছন্নতা, টুরিস্ট পুলিশের কার্যক্রম এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন।

নারী, শিশু ও প্রবীণসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকরা সৈকতের বর্তমান ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা আধুনিক সুযোগ-সুবিধা আরও বাড়ানোর দাবি জানান।

জবাবে পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানে কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন হাবে পরিণত করতে চান। পাশাপাশি দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রেও আধুনিক অবকাঠামো ও পর্যটকবান্ধব সুবিধা সম্প্রসারণ করবে সরকার।

পরিদর্শনের সময় পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, টুরিস্ট পুলিশের এসপি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।