
‘হার্ট অফ দ্য বিস্ট’ নিয়ে ১০ বছর পর ফিরছেন ব্র্যাড পিট
হলিউড সুপারস্টার ব্র্যাড পিটের ভক্তদের জন্য বড় সুখবর। মুক্তি পেয়েছে তার নতুন সারভাইভাল থ্রিলার সিনেমা ‘হার্ট অফ দ্য বিস্ট’-এর শ্বাসরুদ্ধকর ট্রেলার। প্যারামাউন্ট পিকচার্স গত বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটির প্রথম ঝলক প্রকাশ করে। ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে তুমুল উদ্দীপনা তৈরি হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ছবি।
এবারের সিনেমায় ব্র্যাড পিটকে ‘জেমস বেলমন্ট’ নামের সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের একজন প্রাক্তন সৈনিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ট্রেলারের গল্পে দেখা যায়, আলাস্কার এক গভীর ও দুর্গম অরণ্যে এক ভয়াবহ বিমান দুর্ঘটনার শিকার হন জেমস। এরপর প্রতিকূল প্রকৃতির মাঝে শুরু হয় তার সভ্য জগতে ফিরে আসার এক চরম এবং কঠিন লড়াই।
তবে এই একাকী মৃত্যুর লড়াইয়ে জেমসের একমাত্র সঙ্গী ও রক্ষাকর্তা হয়ে ওঠে ‘ওডিন’ নামের একটি অবসরপ্রাপ্ত সার্ভিস কুকুর। ওডিন কেবল তাকে বন্য পরিবেশের হিংস্র নানা বিপদ থেকেই রক্ষা করে না বরং বিমানটি যখন সমুদ্রে বিধ্বস্ত হয়, তখন নিশ্চিত মৃত্যুর হাত থেকে টেনে বাঁচায় জেমসকে। ট্রেলারে পিটের একটি সংলাপ ইতিমধ্যেই দর্শকদের বেশ নজর কেড়েছে, যেখানে তিনি বলেন—“লড়াইতে কুকুরের আকার বড় কথা নয় বরং কুকুরের ভেতরের লড়াই করার মানসিকতাটাই আসল।”
এই অ্যাকশন-থ্রিলার সিনেমাটি পরিচালনা করেছেন হলিউডের বিখ্যাত নির্মাতা ডেভিড আয়ার। এর আগে ২০১৪ সালে বক্স অফিস কাঁপানো সফল সিনেমা ‘ফিউরি’-তে একসঙ্গে কাজ করেছিলেন ব্র্যাড পিট ও ডেভিড আয়ার। দীর্ঘ এক দশক পর ‘হার্ট অফ দ্য বিস্ট’ প্রজেক্টের মাধ্যমে আবারও পর্দায় ফিরছে এই সফল ও জনপ্রিয় জুটি।
ভিজুয়াল স্টোরি














































