
সংগৃহীত ছবি
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় নবগঠিত কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় সংসদে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধী দলের এক সংসদ সদস্য অভিযোগ করেন, প্রতিমন্ত্রীর দুই সন্তানের নামের সঙ্গে মিল রেখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামে দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে। তবে এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন প্রতিমন্ত্রী।
সোমবার (১৫ জুন) সংসদে ব্যক্তিগত ব্যাখ্যায় মীর শাহে আলম বলেন, নতুন ইউনিয়নগুলোর নামকরণ কোনো ব্যক্তিগত বিবেচনায় নয়, প্রশাসনিক ও ভৌগোলিক বাস্তবতার ভিত্তিতেই করা হয়েছে। তিনি জানান, একটি ইউনিয়ন দুটি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় তার নাম রাখা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’। অন্যদিকে অপেক্ষাকৃত দূরবর্তী এলাকায় হওয়ায় আরেকটির নাম রাখা হয়েছে ‘দিগন্ত ইউনিয়ন’।
এর আগে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় বিরোধীদলীয় সদস্য শফিকুল ইসলাম দাবি করেন, প্রতিমন্ত্রীর পারিবারিক পরিচয় ও সন্তানদের নাম অনুসারে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামকরণ করা হয়েছে, যা রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক।
জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম বহুল ব্যবহৃত। কাকতালীয়ভাবে তার সন্তানদের নামের সঙ্গে মিল থাকলেও নামকরণের পেছনে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য ছিল না। তিনি আরও বলেন, যদি ব্যক্তিগত উদ্দেশ্য থাকত, তাহলে ইউনিয়নের নামের সঙ্গে ‘মীর’ শব্দটি যুক্ত করা হতো।
সংসদে বক্তব্যের একপর্যায়ে প্রতিমন্ত্রী রসিকতার সুরে বলেন, ‘সীমান্ত’ নাম থাকলেই যেমন সবকিছু তার নয়, তেমনি ‘দিগন্ত’ নামের কোনো প্রতিষ্ঠানও তার মালিকানাধীন নয়। এ সময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে তার বক্তব্যের সমর্থন জানান।
সম্প্রতি বগুড়ার শিবগঞ্জ ও নবঘোষিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠনের সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন ইউনিয়নগুলোর মধ্যে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নাম নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।








































