
অক্টোবরের মাঝামাঝি থেকে কক্সবাজার বিমানবন্দরে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে। রবিবার দুপুরে বিমানবন্দর পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকী।
তিনি বলেন, “আজ আমরা বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল এবং সাগরের বুকের ওপর নির্মিত রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছি। মনে হচ্ছে অক্টোবরের মাঝামাঝি থেকেই আন্তর্জাতিক ফ্লাইট আংশিকভাবে চালু করা সম্ভব হবে।”
এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, শতকরা কত ভাগ কাজ শেষ হয়েছে তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে অক্টোবরের মাঝামাঝি আন্তর্জাতিক ফ্লাইট শুরুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ।
পরিদর্শনকালে কক্সবাজার বিমানবন্দরের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউনূছ ভুঁইয়া, ব্যবস্থাপক গোলাম মোর্তজা হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেবিচক সূত্র জানিয়েছে, কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ের ১ হাজার ৭০০ ফুট অংশ নির্মাণ হচ্ছে সাগরের ওপর। কাজ শেষ হলে রানওয়ের মোট দৈর্ঘ্য হবে ১০ হাজার ৭০০ ফুট বা ৩ দশমিক ২৬ কিলোমিটার, যা হবে দেশের সবচেয়ে বড় রানওয়ে। মূলত সমুদ্রের বুক ছুঁয়েই বিমান ওঠানামা করবে এই নতুন রানওয়েতে।











































