রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২২ ডিসেম্বর ২০২৫, ৮:৫৫ অপরাহ্ন
শেয়ার

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি সংঘর্ষ, আহত ৫


ncp-chattradal

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি সংঘর্ষ

শরীয়তপুরে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের চৌরাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং খুলনায় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক মোতালেব শিকদারের ওপর গুলির ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চৌরাঙ্গী এলাকা দিয়ে যাওয়ার সময় এক ছাত্রদল কর্মীর মোটরসাইকেল মিছিলে ঢুকে পড়াকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটলে পাঁচজন আহত হন।

ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে দুই সংগঠনের নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদার দাবি করেন, ছাত্রদলের এক কর্মীকে আটকে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে এনসিপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

অন্যদিকে এনসিপির জেলা কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, একটি মোটরসাইকেল নিয়ে ছাত্রদলের এক কর্মী মিছিলে ঢুকে তাদের এক কর্মীর ওপর হামলা চালায়। পরে তাকে ধরে রাখলে ছাত্রদলের সদস্য সচিব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, এনসিপির মিছিলে মোটরসাইকেল ঢুকে পড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।