রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৪ ডিসেম্বর ২০২৫, ৯:৪৬ পূর্বাহ্ন
শেয়ার

ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ


Fery

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর ফলে মাঝনদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে ছোট-বড় দুটি ফেরি।

বিআইডব্লিউটিসি (BIWTC) সূত্রে জানা গেছে, বুধবার ভোর থেকেই নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। সকালের দিকে কুয়াশা এতটাই প্রকট হয় যে, নৌপথের দিকনির্দেশক ‘চ্যানেল মার্কিং পয়েন্ট’ ও বাতিগুলো দেখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে চালকরা দিক নির্ণয়ে সমস্যায় পড়লে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। ফলে যাত্রী ও জানমালের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ ফেরি চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মাঝনদীতে দুটি ফেরি নোঙর করে থাকতে বাধ্য হচ্ছে। এছাড়া ঘাটের উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে শত শত যানবাহন, যার ফলে তীব্র শীতের মধ্যে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, “ঘন কুয়াশার কারণে বর্তমানে ফেরি চলাচল বন্দ রয়েছে। কুয়াশা কমে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।”

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আশা করছে, বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিললে কুয়াশা কেটে যাবে এবং ফেরি চলাচল আবার সচল হবে।