
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
‘আমি কাতার যাওয়ার জন্য বিমানবন্দরে যাচ্ছিলাম। ডাকাতরা মারধর করে আমার পাসপোর্ট আর বিমান টিকিট নিয়ে গেছে। এখন বিদেশে যেতে পারছি না’—এই কষ্টের কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন কাতার ফেরত প্রবাসী রিফাতুজ্জামান, যিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক রাতের মধ্যে সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় আক্রান্ত হন।
পৃথক তিনটি ঘটনায় ডাকাতির শিকার প্রবাসী ও বিএনপি নেতাদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়, এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন। ডাকাতরা নগদ টাকা, মোবাইল ফোন, পাসপোর্ট ও বিমান টিকিটসহ মূল্যবান মালামাল লুট করেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর রাতে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় রিফাতুজ্জামান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিলেন। ভোর রাত সোয়া ৩টার দিকে যানজটে আটকে পড়লে ৮ থেকে ১২ জনের একটি ডাকাত দল পিস্তল, রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে গাড়িতে হামলা চালায়।
ডাকাতরা গাড়ির সামনের ও পাশের কাচ ভেঙে ভেতরে ঢুকে রিফাতুজ্জামানসহ তার পরিবারের সাতজনকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। বাধা দিতে গেলে তার সহযোগী মনিরুল ইসলামের হাতেও ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে রক্তাক্ত জখম করা হয়। পরে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে তিনটি স্মার্টফোন, নগদ ৩০ হাজার ২ টাকা, প্রবাসীর পাসপোর্ট ও বিমান টিকিটসহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। রিফাতুজ্জামান বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
একই রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যাওয়ার পথে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন সংলগ্ন এলাকায় ডাকাতির শিকার হন কুমিল্লার লালমাই থানার বিএনপি নেতা শহীদ, বাবুল মেম্বার, মনির হোসেনসহ কয়েকজন নেতা। ডাকাতরা তাদের গাড়ি ভাঙচুর করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়। এতে অন্তত পাঁচজন নেতা আহত হন।
মধ্যরাতে আষাড়িয়ারচর এলাকায় নোয়াখালীর চাটখিল উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন ফিরোজসহ আরও কয়েকজন নেতা ডাকাতির কবলে পড়েন। হকিস্টিক ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ডাকাতরা ৫ থেকে ৭টি মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। এতে আরও পাঁচজন আহত হন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অন্য ঘটনাগুলোর বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।









































