
ফাইল ছবি
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেট জেলার একশ প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা প্রদান করবে জেলা প্রশাসন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল শনিবার অনুষ্ঠিতব্য ‘প্রবাসী সম্মাননা ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এক চিঠিতে জানিয়েছেন, দেশে ও প্রবাসে নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানের সূচি অনুযায়ী, সকাল ১০টায় প্রবাসীদের সম্মানে বর্ণাঢ্য র্যালি, সকাল ১১টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামে সফল প্রবাসী সম্মাননা অনুষ্ঠান এবং সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে ‘স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসন জানায়, ১৭ নভেম্বর ছয়টি ক্যাটাগরিতে প্রবাসীদের আবেদন আহ্বান করা হয়—সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক। আবেদনের জন্য গুগল ফর্ম ও ইমেইলের মাধ্যমে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছিল।
সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বের ১১টি দেশে অবস্থানরত প্রায় ছয়শ প্রবাসী আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ৫০-এর বেশি প্রবাসীকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানকালে ড. আসিফ নজরুল প্রবাসীদের হাতে সম্মাননা তুলে দেবেন।









































