রবিবার । মার্চ ২২, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ২৭ ডিসেম্বর ২০২৫, ৪:৫২ অপরাহ্ন
শেয়ার

বড়দিনে টলিউডে ত্রিমুখী লড়াই, মিঠুন-দেব ম্যাজিকে ধরাশায়ী কোয়েল-শুভশ্রী


Tollywood Box Office

চলতি বছরের বড়দিন উপলক্ষে টলিউড বক্স অফিসে দেখা গেল এক টানটান উত্তেজনার ত্রিমুখী লড়াই। বলিউডের বড় বাজেটের ছবি ‘ধুরন্ধর’-এর জয়জয়কারের মাঝেই টলিপাড়ার তিন মহাতারকা তাঁদের সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন। নিজের জন্মদিনে দেব নিয়ে এসেছেন বহুল প্রতীক্ষিত ‘প্রজাপতি ২’, কোয়েল মল্লিক ফিরেছেন গোয়েন্দা অবতারে ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’ ছবি দিয়ে এবং সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় হাজির হয়েছেন ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে। তবে মুক্তির প্রথম দুই দিনের হিসাব বলছে, বক্স অফিসের সিংহাসন বরাবরের মতো এবারও দেবের দখলেই রয়েছে।

বক্স অফিস বিশ্লেষক সংস্থা ‘স্যাকনিল্ক’ এর রিপোর্ট অনুযায়ী, ব্যবসার নিরিখে বাকি দুই ছবির  তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে দেব-মিঠুন জুটির ‘প্রজাপতি ২’। প্রথম দিনে ছবিটি ৮২ লাখ রুপি আয় করে এবং দ্বিতীয় দিনে ৩২ লাখ রুপি আয়সহ দু’দিনে ছবিটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ১ কোটি ১৪ লাখ রুপি। দেব ও মিঠুন চক্রবর্তীর রসায়ন যে দর্শক আবারও গ্রহণ করেছে, তা আয়ের এই অঙ্ক থেকেই স্পষ্ট।

অন্যদিকে, নারী গোয়েন্দা হিসেবে কোয়েল মল্লিকের জনপ্রিয়তা থাকলেও বক্স অফিসে ‘মিতিন মাসি’র শুরুটা হয়েছে মাঝারি মানের। প্রথম দিনে ২১ লাখ ও দ্বিতীয় দিনে ৬ লাখ রুপিসহ দু’দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২৭ লাখ রুপি।

এই লড়াইয়ে সবথেকে পিছিয়ে রয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’। ছবিটি প্রথম দিনে ১৮ লাখ রুপি আয় করলেও দ্বিতীয় দিনে তা মাত্র ৬ লাখে নেমে আসে। সব মিলিয়ে দু’দিনে ছবিটির আয় দাঁড়িয়েছে মাত্র ২৪ লাখ রুপি।

বক্স অফিসের এই ফলাফল ফের একবার প্রমাণ করল যে, টলিউডে বর্তমানে অপ্রতিদ্বন্দ্বী সম্রাট দেব। ২০২৫ সালটি দেবের জন্য সাফল্যের বছর হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। বছরের শুরুতে ‘খাদান’ দিয়ে শুরু করে ‘ধুমকেতু’ এবং বছর শেষে ‘প্রজাপতি ২’ দিয়ে তিনি দর্শকদের হলে টানতে সক্ষম হয়েছেন। এমনকি তাঁর আসন্ন ছবি ‘রঘু ডাকাত’ নিয়েও এখন থেকেই তুঙ্গে রয়েছে উন্মাদনা।

তবে বক্স অফিসে আকাশছোঁয়া সাফল্যের মাঝেও দেবকে ঘিরে বিতর্কের রেশ কাটছে না। দর্শকদের বিপুল চাহিদা থাকা সত্ত্বেও সরকারি প্রেক্ষাগৃহ ‘নন্দন’এ জায়গা পায়নি ‘প্রজাপতি ২’। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে যে, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ও রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে সিনেমা করার কারণেই নন্দন কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত।

নিন্দুকদের একাংশ মনে করছেন, রাজনৈতিক সমীকরণের বলি হতে হচ্ছে এই ছবিটিকে। তবে বিতর্ক যাই থাকুক না কেন, সাধারণ দর্শকদের ভালোবাসায় ‘প্রজাপতি ২’ যে বড়দিনের উইকেন্ডে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।