রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৭ ডিসেম্বর ২০২৫, ৬:৪৭ অপরাহ্ন
শেয়ার

মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে গফরগাঁওয়ে সহিংসতা, ট্রেন চলাচল বন্ধ


RAIL-LINE-GOFORGAON

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গফরগাঁও এলাকা। মনোনয়নবঞ্চিত প্রার্থী মুশফিকুর রহমান সিদ্দিকীর সমর্থকরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গফরগাঁও রেলওয়ে স্টেশনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান।

শনিবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে বাচ্চুর প্রার্থিতা চূড়ান্ত হওয়ার খবর এলাকায় পৌঁছালে বিক্ষোভ শুরু হয়। বিকেল ৪টার দিকে শতাধিক নেতাকর্মী রেলস্টেশনে জড়ো হয়ে স্টেশনমাস্টারকে কক্ষ থেকে বের করে তালা লাগিয়ে দেন এবং রেললাইনে টায়ার ও কাঠ জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও রেলওয়ে পুলিশ কাজ করছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে মনোনয়নপ্রাপ্ত আক্তারুজ্জামান বাচ্চু বলেন, গফরগাঁওয়ে শান্তি ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারই তাঁর লক্ষ্য। অন্যদিকে মনোনয়নবঞ্চিত প্রার্থীরা দাবি করেছেন, হাইকমান্ডের সিদ্ধান্ত সঠিক হয়নি। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, অগ্নিসংযোগের কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।