
উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা ও নগর বাউল জেমস
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত আনন্দোৎসব মুহূর্তেই আতঙ্ক ও বিশৃঙ্খলায় রূপ নেয়। নগর বাউল জেমসের কনসার্ট শুরুর আগমুহূর্তে স্কুল প্রাঙ্গণে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
অনুষ্ঠানের উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা সামাজিক মাধ্যমে জানান, জেমস মঞ্চে ওঠার প্রস্তুতির সময় হঠাৎ আকাশ থেকে বৃষ্টির মতো ইট-পাথর পড়তে শুরু করে। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থীসহ বহু দর্শক আহত হন। প্রায় ১৫ হাজার মানুষের ভিড় সামলাতে না পেরে নিরাপত্তার কথা বিবেচনায় তিন ঘণ্টা অনিশ্চয়তার পর অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয় আয়োজকরা।
আয়োজক কমিটির সূত্র জানায়, অনুষ্ঠানটি নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল। তবে কনসার্টের খবরে বিপুলসংখ্যক অনিবন্ধিত দর্শক বাইরে জড়ো হন। ভেতরে ঢুকতে না পেরে উত্তেজনা বাড়লে একপর্যায়ে স্কুল প্রাঙ্গণ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে আয়োজক কমিটির আহ্বায়কসহ ২৫ থেকে ৩০ জন আহত হন।
ঘটনার পর পাঁচজন নিহত হওয়ার গুজব ছড়ালেও জেলা পুলিশ ও আয়োজক কমিটি তা নাকচ করেছে। পুলিশের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১০–১২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি বেগতিক দেখে কড়া নিরাপত্তায় দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন শিল্পী জেমস।
শ্রাবণ্য তৌহিদা বলেন, শিল্পী হিসেবে তিনি ও জেমস দুজনই পারিশ্রমিক পেয়েছেন। শিল্পীরা পারিশ্রমিক পেলেও হাজারো মানুষের স্বপ্নভঙ্গ ও মানসিক আঘাত কোনোভাবেই পূরণ হওয়ার নয়।








































