রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৭ ডিসেম্বর ২০২৫, ৭:১১ অপরাহ্ন
শেয়ার

মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে এনসিপির শ্রমিক নেতাকে গুলি: র‌্যাব


Motaleb Shikder

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিকশক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় ঢাকাইয়া শামীম ওরফে ডি.কে শামীম ও তার সহযোগী মাহাদিনকে আটক করেছে র‌্যাব-৬। শুক্রবার রাতে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, মাদক ব্যবসা ও টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে মোতালেব শিকদারকে গুলি করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম নিজেই গুলি করার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদক বিক্রিসহ সাতটি মামলা রয়েছে।

র‌্যাব-৬-এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম জানান, গত ২২ ডিসেম্বর সোনাডাঙ্গা থানার আল আকসা মসজিদ রোডের একটি ভাড়া বাসায় মোতালেব শিকদারকে মাথায় গুলি করা হয়। ঘটনার পর ওই বাসা থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয় এবং এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।

এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তার ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।