মঙ্গলবার । জুন ২, ২০২৬
বিনোদন ডেস্ক বিনোদন ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
শেয়ার

দুই বছর পর বড় পর্দায় অপু বিশ্বাস


apu-biswas

অপু বিশ্বাস

দীর্ঘ দুই বছরের বিরতির পর অবশেষে ঢালিউড কুইন অপু বিশ্বাস বড় পর্দায় প্রত্যাবর্তন করছেন। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ‘দুর্বার’ নামের থ্রিলার সিনেমার মাধ্যমে তিনি নতুন রূপ ও ভিন্ন গেটআপে দর্শকের সামনে আসছেন। নিজের প্রত্যাবর্তন নিয়ে অপু জানান, সিনেমায় তাকে দেখা যাবে ‘দুর্বার গতিতেই’।

শুটিং ইতোমধ্যেই দ্রুতগতিতে এগিয়ে চলছে। অপু বিশ্বাস জানান, তার অংশের প্রায় ৪০ শতাংশ শুটিং শেষ হয়েছে এবং বাকি কাজও শিগগিরই সম্পন্ন হবে। তিনি বলেন, “সিনেমায় রয়েছে অনেক চমক। দর্শকরা একটি ভালো গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।”

দেরিতে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “আমি সময় নিয়েছি ভালো কাজের জন্য। ঠিক যেভাবে চেয়েছি তেমন একটি সিনেমা হচ্ছে। তাই দেরিতে হলেও ভালো কাজ দিয়ে ফিরতে পারায় খুব আনন্দিত।” তিনি আরও যোগ করেন, “সিনেমাই আমার পরিচয়ের মূল। দর্শকদের যে ভালোবাসা পেয়েছি, তা এই মাধ্যমের কারণেই।”

‘দুর্বার’-এ অপু বিশ্বাসের বিপরীতে প্রথমবার দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজলকে। নতুন জুটিকে নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। অপু বলেন, “সজল ভাই খুব বিনয়ী এবং দারুণ অভিনেতা। প্রথম দিন থেকেই আমাদের কাজের অভিজ্ঞতা চমৎকার। দর্শকরা আমাদের নতুনভাবে দেখবেন।”

পরিচালক কামরুল হাসান ফুয়াদ সম্পর্কে অপু বিশ্বাস বলেন, “তিনি একজন মেধাবী নির্মাতা, যিনি গল্প ও নির্মাণ— দুটোতেই যথেষ্ট যত্নশীল। গল্প যেমন ভিন্ন, পরিচালনাতেও তার মুনশিয়ানা স্পষ্ট।”