রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
শেয়ার

সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ


Saint Martin

সেন্টমার্টিন

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে যাচ্ছে জেলা প্রশাসন। অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং শতভাগ ফিটনেস নিশ্চিত না হওয়া পর্যন্ত রোববার থেকে কোনো পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এম এ মান্নান।

জেলা প্রশাসক জানান, সেন্টমার্টিনগামী পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান অগ্রাধিকার। এই লক্ষ্যে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে শনিবার রাতের মধ্যেই সচল থাকা সব জাহাজের ফিটনেস ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা পুনরায় অত্যন্ত গুরুত্বের সাথে পরীক্ষা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। নৌপরিবহণ অধিদপ্তর, বিআইডাব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসকে সম্মিলিতভাবে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। তিনি স্পষ্টভাবে জানান যে, অগ্নিনির্বাপণ ব্যবস্থার অধিকতর যাচাই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, শুধুমাত্র সেই জাহাজগুলোই রোববার থেকে পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করার অনুমতি পাবে।

সভায় ‘দি আটলান্টিক ক্রুজ’ জাহাজে ঘটা সাম্প্রতিক দুর্ঘটনার বিষয়েও আলোচনা করা হয়। ওই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এই ধরনের বড় কোনো দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে সুপারিশ প্রদানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) নেতৃত্বে গঠিত এই কমিটি পাঁচ সদস্যবিশিষ্ট। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে যেসব জাহাজের ফিটনেস ঘাটতির কারণে যাত্রা বাতিল হতে পারে, সেসব জাহাজের যাত্রীদের বিষয়েও মানবিক ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। 

জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্ত যাত্রীদের সুবিধার্থে এবং ভ্রমণ নির্বিঘ্ন করতে অনুমোদিত ও ফিটনেস থাকা অন্যান্য জাহাজে তাদের সমন্বয় করে যাতায়াতের ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রে জেলা প্রশাসনের বিশেষ নজরদারি থাকবে যাতে কোনো পর্যটক হয়রানির শিকার না হন।