রবিবার । মার্চ ২২, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ২৮ ডিসেম্বর ২০২৫, ৫:২৯ অপরাহ্ন
শেয়ার

নতুন বছরে গানচিলের নতুন চমক


Konal

চলতি বছরের মিউজিক ইন্ডাস্ট্রিতে অন্যতম বড় চমক ছিল ‘ময়না’ গানটি। গত জুলাইয়ে প্রকাশের পর থেকেই কণ্ঠশিল্পী কোনাল ও নিলয়ের গাওয়া এই গানটি দর্শক-শ্রোতাদের মাঝে তৈরি করেছিল ব্যাপক উন্মাদনা। আসিফ ইকবালের কথা এবং আকাশ সেনের সুর-সংগীতে নির্মিত সেই ড্যান্স নাম্বারটি ইউটিউবে বর্তমানে ৬২ লাখ ভিউয়ের মাইলফলক ছাড়িয়ে গেছে। 

‘গানচিল মিউজিক’-এর বিশেষ প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান হিসেবে এটি মিউজিক ভিডিও নির্মাণে এক নতুন মানদণ্ড তৈরি করেছিল। ‘ময়না’র সেই আকাশচুম্বী সাফল্যের ধারাবাহিকতায় এবার একই টিম নিয়ে নতুন গানচিত্র নিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠানটি, যার শিরোনাম ‘ও জান’। 

নতুন বছরের প্রথম দিনেই বছরের অন্যতম বড় উপহার হিসেবে গানটি প্রকাশ করার পরিকল্পনা করা হয়েছে। ‘বাংলা অরিজিনালস’ এর দ্বিতীয় এই গানটিতেও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কোনাল ও নিলয়। তবে এবার গানের মেজাজে থাকছে ভিন্নতা। 

গীতিকার আসিফ ইকবাল জানিয়েছেন, ‘ময়না’ নাচের গান হলেও ‘ও জান’ হচ্ছে একটি নিখাদ রোমান্টিক গান। গানটির সুর ও সংগীতায়োজনে এবার যুক্ত হয়েছে নতুন নাম। যৌথভাবে সুর করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন আর সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির নিজেই। ভিডিও নির্মাণে আগের মতোই থাকছেন নির্মাতা তানিম রহমান অংশু যা গানচিলের চিরচেনা সিনেমাটিক আবহকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে যাবে।

গানটি নিয়ে ভীষণ আশাবাদী গীতিকার ও গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল। তিনি বলেন, “আমাদের বিশ্বাস, ময়নার মতো ‘ও জান’ গানটিও শ্রোতাদের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হবে। গানের কথা, গায়কী ও ভিডিও নির্মাণ সবকিছুতেই এবার নতুন সংযোজন থাকছে, যা মিউজিক ভিডিওর দর্শককে নতুন এক অভিজ্ঞতা দেবে।” 

ইতিপূর্বে ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘মেঘের নৌকা’র মতো সুপারহিট গানের শিল্পী কোনালও এবার বেশ উচ্ছ্বসিত। তাঁর মতে, আসিফ ইকবালের রোমান্টিক শব্দশৈলী এবং গানের ভিন্নধর্মী উপস্থাপনা শ্রোতাদের মনে গভীর ছাপ ফেলবে। কোনাল আশাবাদ ব্যক্ত করে বলেন, “গাওয়ার সময়ই বুঝেছিলাম গানটি দর্শকদের হৃদয়ে নাড়া দেবে; আমার বিশ্বাস এটি অতীতের সব গানের রেকর্ড ভেঙে দেবে।”