
‘ধুরন্ধর’ সিনেমা মুক্তির পর নতুন করে আলোচনায় উঠে এসেছেন অক্ষয় খান্না। তাঁর লুক ও পারফরম্যান্স নিয়ে প্রশংসা চললেও এর মাঝেই বড় চমক- ‘দৃশ্যম ৩’ সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি। বিষয়টি নিয়ে দীর্ঘদিন গুঞ্জন চললেও এবার আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছেন ছবিটির প্রযোজক কুমার মঙ্গত পাঠক।
প্রযোজকের অভিযোগ, অক্ষয় খান্নার ‘অপেশাদার আচরণে’ ছবিটি আর্থিক ক্ষতির মুখে পড়েছে। চুক্তি সই, অগ্রিম পারিশ্রমিক গ্রহণ এবং শুটিংয়ের প্রস্তুতি শেষ হওয়ার পর মাত্র ১০ দিন আগে তিনি হঠাৎ করে ছবি ছাড়ার সিদ্ধান্ত জানান। এরপর আর যোগাযোগ না করায় অক্ষয়ের বিরুদ্ধে আইনি নোটিস পাঠানো হয়েছে বলে জানান প্রযোজক।
কুমার মঙ্গত পাঠক বলেন, চরিত্রে পরচুলা ব্যবহারের দাবিকে কেন্দ্র করে মতবিরোধ তৈরি হয়। শুরুতে অক্ষয় পরিচালকের যুক্তি মেনে নিলেও পরে আবার দাবি তোলেন এবং শেষ পর্যন্ত ছবি না করার সিদ্ধান্ত নেন। তাঁর জায়গায় এখন অভিনয় করবেন জয়দীপ আহলাওয়াত -এ কথাও নিশ্চিত করেছেন প্রযোজক।
প্রযোজকের দাবি, ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি অজয় দেবগনকেন্দ্রিক একটি বড় ব্র্যান্ড, যেখানে অক্ষয় থাকুন বা না থাকুন, ছবির ভবিষ্যৎ প্রভাবিত হবে না। তিনি আরও বলেন, ‘ধুরন্ধর’-এর সাফল্যের কৃতিত্বও অক্ষয় এককভাবে নিজের বলে দাবি করেছেন, যা বাস্তবসম্মত নয়।
প্রযোজকের ভাষ্য অনুযায়ী, ‘দৃশ্যম ৩’-এ অজয় দেবগন আবারও বিজয় সালগাঁওকার এবং তাবু মীরা দেশমুখের চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটি ২০২৬ সালের ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ বিষয়ে এখনো অক্ষয় খান্নার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: বলিউড হাঙ্গামা








































