রবিবার । মার্চ ২২, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ৩০ ডিসেম্বর ২০২৫, ৪:০২ অপরাহ্ন
শেয়ার

খালেদা জিয়ার বিদায়ে শোবিজ তারকাদের শ্রদ্ধা


Begum Zia

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর চিরবিদায়ের খবর আসার পর থেকে চলচ্চিত্র, নাটক ও সংগীত জগতের তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন শ্রদ্ধা জানাচ্ছেন।

ঢালিউড সুপারস্টার শাকিব খান তাঁর শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’ 

অভিনেতা চঞ্চল চৌধুরী সাবেক এই প্রধানমন্ত্রীর একটি সাদাকালো ছবি পোস্ট করে সংক্ষেপে কিন্তু গভীর শ্রদ্ধায় লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। শ্রদ্ধা।’

চিত্রনায়িকা অপু বিশ্বাস খালেদা জিয়াকে এক মহীয়সী নারী হিসেবে উল্লেখ করে লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইল। একজন মহীয়সী নারীর প্রস্থান যেন যুগে যুগে বাংলাদেশের মানুষের হৃদয়ে লেখা থাকবে। বিনম্র শ্রদ্ধা।’ 

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব প্রার্থনা করেছেন, ‘মহান আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুক।’ একইভাবে সিয়াম আহমেদ তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে অভিনেত্রী তানজিকা আমিন লিখেছেন, ‘একজন অবিচল নেত্রী, মেয়েদের শিক্ষার প্রসারক (দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হয়েছিল) আপনি চিরশান্তিতে বিশ্রাম নিন।’ 

অন্যদিকে, অভিনেত্রী আজমেরী হক বাঁধন তাঁর জীবনকে অনন্য হিসেবে আখ্যা দিয়ে লিখেছেন, ‘তিনি এক অসাধারণ ও দৃঢ়চিত্ত জীবন যাপন করেছেন। প্রতিকূলতার মধ্যেও তিনি যে মর্যাদার সঙ্গে নিজেকে ধারণ করেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে। জাতি তাঁকে মর্যাদা, কৃতজ্ঞতা ও গভীর সম্মানের সঙ্গে স্মরণ করবে।’

নির্মাতা আশফাক নিপুণ খালেদা জিয়ার হার না মানা লড়াইকে সম্মান জানিয়ে লিখেছেন, ‘আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। প্রতিপক্ষের হাতে মানবিক মর্যাদা থেকে বঞ্চিত হওয়ার পরও আপনি ছিলেন দৃঢ়তা, সৌন্দর্য ও কখনো হার না মানার প্রতীক। শান্তিতে বিশ্রাম নিন, বেগম খালেদা জিয়া। এই জাতি আপনাকে সব সময় গর্বের সঙ্গে স্মরণ করবে।’ 

সবশেষে সংগীতশিল্পী পড়শী তাঁর প্রয়াণকে ঐতিহাসিক এক মুহূর্ত হিসেবে বর্ণনা করে লিখেছেন, ‘কিছু মানুষ শুধু রাজনীতির গণ্ডিতে নয়, ইতিহাসের অংশ হয়ে থাকেন। আজ ইতিহাসের একটি অধ্যায় থেমে গেল।’ 

বেগম খালেদা জিয়ার প্রয়াণ কেবল একটি রাজনৈতিক দলের জন্য নয় বরং দেশের সামগ্রিক ইতিহাসের এক অপূরণীয় ক্ষতি। শোবিজ তারকাদের এই স্বতঃস্ফূর্ত শোকবার্তা প্রমাণ করে যে, তিনি দলমতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ এবং সাংস্কৃতিক অঙ্গনের হৃদয়েও স্থান করে নিয়েছিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাহসিকতা এবং দেশের জন্য তাঁর অবদান যুগ যুগ ধরে মানুষের মনে অম্লান হয়ে থাকবে। ইতিহাসের পাতায় এক অদম্য নেত্রী হিসেবে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।