রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৫ জানুয়ারি ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শেয়ার

এবার চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা


Jubodal Leader

নিহত যুবদল নেতা মুহাম্মদ জানে আলম শিকদার

চট্টগ্রামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট এলাকার সিকদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবদল নেতার নাম মুহাম্মদ জানে আলম শিকদার (৪৫)। তিনি রাউজান উপজেলা যুবদলের সদস্য ছিলেন এবং পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জানে আলম রাতে অলিমিয়াহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (এসআই) দিপ্তেষ দাশ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল আরোহী হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।