রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৬ জানুয়ারি ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
শেয়ার

প্রবাস থেকে ফিরেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল আসলামের


aslam

ছবি: সংগৃহীত

নতুন জীবন শুরু করার স্বপ্ন নিয়ে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন আসলাম। ছেলে বাড়িতে আসলে ধুমধাম করে বিয়ে করাবেন—এমন স্বপ্ন দেখেছিলেন বাবা-মা। কনে ঠিক করে রেখেছিলেন, কেনাকাটাও প্রায় শেষ। দিন-তারিখও চূড়ান্ত।

দুই পরিবারের মধ্যে তখন বিরাজ করছিল আনন্দ ও উৎসবের আমেজ। আগামী শুক্রবার আসলামের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল, নতুন বধূ নিয়ে নতুন জীবন শুরু করবেন বলে স্বপ্ন দেখছিলেন নিজেও। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

তিন বছর পর সোমবার রাত ১২টার দিকে সৌদি আরব থেকে দেশে ফেরেন আসলাম। দুর্ভাগ্যবশত, মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সখীপুর–সাগরদিঘী সড়কের বড়চওনা মোটের পুকুরপাড় এলাকায় মোটরসাইকেল ও একটি পাইপবোঝাই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তিনি। নিহত আসলাম সখীপুর উপজেলার বেলতলী গ্রামের হেলাল মিয়ারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বিকেল আনুমানিক ৩টার দিকে আসলাম মোটরসাইকেল নিয়ে বড়চওনার দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা ইউসুফ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “গত রাতেই বিদেশ থেকে ফিরে এসেছে। শুক্রবার তার বিয়ের কথা ছিল। কিন্তু এক মুহূর্তের দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।”