রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৭ জানুয়ারি ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ন
শেয়ার

১৯৪ একরে ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল নিয়ে ‘ফুল উৎসব’


DC Park

চাটগাঁর প্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ এক খবর নিয়ে হাজির হয়েছে সীতাকুণ্ডের ফৌজদারহাট। মাদক ও অবৈধ স্থাপনার অন্ধকার অধ্যায় মুছে যেখানে এখন কেবলই নান্দনিকতার ছোঁয়া, সেই ১৯৪ একরের বিশাল ডিসি পার্কে আগামী ৯ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী জমকালো ‘ফুল উৎসব’। 

‘পুষ্প কাননে জুড়িয়ে ভুবন প্রাণ, ছড়াও সাম্যের গান’ – এই স্লোগানকে সামনে রেখে চতুর্থবারের মতো আয়োজিত এই উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এবারের উৎসবে দেশি-বিদেশি ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ দেখা যাবে। ডালিয়া, চন্দ্রমল্লিকা, শিউলি ও হাসনাহেনার সুবাসের পাশাপাশি দর্শনার্থীদের মুগ্ধ করতে থাকবে টিউলিপ, চেরি, জাকারান্ডা এবং উইস্টেরিয়ার মতো দুর্লভ ফুলের জাদুকরী সৌন্দর্য। 

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় পার্কটিকে সাজানো হয়েছে এক অনন্য সাজে, যেখানে প্রকৃতির বর্ণ, গন্ধ আর ছন্দ মিলেমিশে একাকার হয়ে গেছে।

কেবল ফুলের সমারোহই নয়, দর্শনার্থীদের বিনোদনের জন্য থাকছে নানা বৈচিত্র্যময় আয়োজন। স্মৃতি ধরে রাখতে থাকছে আকর্ষণীয় সেলফি জোন এবং চিত্রশিল্পীদের আঁকা ২০০টি চিত্রকর্মের প্রদর্শনী। 

যারা শিল্পমনা, তাদের জন্য থাকছে সরাসরি ক্যারিকেচার আঁকার সুযোগ। এছাড়া সূর্যাস্ত দেখার জন্য সানসেট ভিউ পয়েন্ট, কবুতর প্রেমীদের জন্য পিজিয়ন কর্নার এবং দুঃসাহসিকদের জন্য কায়াকিং ও পানির ঝরনা পার্কের পরিবেশকে দিয়েছে ভিন্ন মাত্রা। শিশুদের জন্য থাকছে নাগরদোলা, মেরিগো রাউন্ড ও ফুট ট্রাম্পোলাইনের মতো মজার সব রাইড।

উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করতে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পাশাপাশি ঘুড়ি উৎসব, চোখ ধাঁধানো আতশবাজি, ভায়োলিন শো, পুতুল নাচ ও জাদুকরী প্রদর্শনীর মতো মাল্টি-কালচারাল ইভেন্টগুলো উৎসবের রাতগুলোকে করবে আনন্দময়। 

জুলাই-আগস্ট অভ্যুত্থান কর্নার, ভাসমান ফুল বাগান এবং আধুনিক ফুডকোর্টের সুবিধা নিয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এই পুষ্পরাজ্য। আধুনিক নাগরিক জীবনের ক্লান্তি দূর করতে ডিসি পার্কের এই আয়োজন যেন এক টুকরো সতেজ নিঃশ্বাস।