
সংগৃহীত ছবি
দেশের উত্তরের জেলা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চল পর্যন্ত শীতের দাপট অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (গতকাল) দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে, যা আরও কয়েক দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলা শৈত্যপ্রবাহের আওতায় রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় শৈত্যপ্রবাহে আক্রান্ত জেলার সংখ্যা কিছুটা কমলেও তাপমাত্রা খুব একটা বাড়েনি। রাজধানীতেও সামান্য তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান শৈত্যপ্রবাহ মাসের অন্তত মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর বিস্তৃতি কখনো বাড়তে, কখনো কমতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলা ছাড়াও আটটি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। ফলে মোট ২৪ জেলা এর আওতায় রয়েছে। বুধবার দেশের ৪৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল এবং নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল এ মৌসুমের সর্বনিম্ন।
গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বোচ্চ ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
শৈত্যপ্রবাহ আরও কত দিন চলবে- এ প্রসঙ্গে শাহীনুল ইসলাম বলেন, এটি এক সপ্তাহের বেশি সময় স্থায়ী হতে পারে। নতুন জেলা যুক্ত হতে পারে, আবার কিছু জেলা বাদও পড়তে পারে।
অন্যদিকে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী আগামী সোমবার পর্যন্ত শৈত্যপ্রবাহ বিরাজ করতে পারে। এরপর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।









































