শুক্রবার । জানুয়ারি ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৯ জানুয়ারি ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন
শেয়ার

এবার জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা


নিহত ইয়ানুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যার পর এবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার শালাইপুর বাজারের ঢাকারপাড়া রাস্তার মোড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইয়ানুর রহমান (৩০) নামে ঐ যুবদল কর্মী নিহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন গভীর রাতে ইয়ানূর তার বন্ধু আল আমিনকে সঙ্গে নিয়ে আমিরপুর গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাঁচবিবি গোবিন্দগঞ্জ সড়কের ঢাকারপাড়ায় তাদের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় ছুড়ির কোপে দুজনই গুরুতর আহত হন।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ানূর হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহত ইয়ানুর রহমান উপজেলার ছালাখুর গ্রামের আলম মণ্ডলের ছেলে। তিনি পাঁচবিবি উপজেলা যুবদলের সক্রিয় সদস্য ছিলেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম জানিয়েছেন, নিহত ইয়ানুর ও একই গ্রামের মোস্তফা ও ময়নুলের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ধারণা করা হচ্ছে, এ বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে।

নিহতের বাবা মো. আলম মণ্ডল বলেন, “মোস্তফা ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরেই আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি চাই, তার হত্যার দ্রুত বিচার হোক।”

পাঁচবিবি থানার কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই নুরুন নবী জানান, পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ ও এ ঘটনায় জড়িতদের শনাক্তের জন্য তদন্ত চলমান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানাচ্ছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।