বুধবার । মার্চ ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৯ জানুয়ারি ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শেয়ার

প্রাথমিক শিক্ষক নিয়োগ

গাইবান্ধায় পরীক্ষা চলাকালে ইলেকট্রনিক ডিভাইসসহ আটক ৫২


gaibandha-news

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে নারীসহ ৫২ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। এসময় আটক পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন, ব্লুটুথ ইয়ার ডিভাইসসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, গাইবান্ধার ৪৩টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ২৪টি কেন্দ্র থেকে মোট ৫২ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। সবচেয়ে বেশি ১১ জন পরীক্ষাার্থী আটক হন সদর উপজেলার কুপতলা আব্দুল কাইয়ূম হাইস্কুল কেন্দ্র থেকে। আটকদের মধ্যে নারীও রয়েছেন। কিছু পরীক্ষার্থীর কানের ভেতরে থাকা ডিভাইস বের করার জন্য তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষ্মণ কুমার দাশ বিষয়টি রাত সাড়ে ৮টার দিকে নিশ্চিত করে বলেন, “আটকদের কাছ থেকে মোবাইল ফোন ও ব্লুটুথ ইয়ার ডিভাইস পাওয়া গেছে। নাম ঠিকানা যাচাই করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এদিকে, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাইবান্ধা জেলা প্রশাসন আগেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিলো। গত বৃহস্পতিবার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার স্বাক্ষরিত এক আদেশে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের চারপাশে ২০০ গজের মধ্যে সভা-সমাবেশ, মিছিল, প্রচারণা, বেআইনি জমায়েত ও বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্র এলাকায় অননুমোদিত ব্যক্তিদের প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।