রবিবার । মে ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১২ জানুয়ারি ২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ন
শেয়ার

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৬ বসতঘর


fatikchori-fire

সংগৃহীত ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোইষ্যার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালালেও তীব্রতার কারণে ঘরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে জানে আলম, শাহআলম, আবুল কালাম, মাহবুল আলম, শাহজাহান মাস্টার, আবদুল মোনায়েমের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষক শাহাজাহান জানান, আগুনে তার ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ দলিলপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোও আগুনের তীব্রতায় কোনো মূল্যবান জিনিসপত্র উদ্ধার করতে পারেনি।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ থেকে ৩০ লাখ টাকার মতো হতে পারে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাইয়ুম জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের সদস্য সালাউদ্দিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং পাঁচটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে এখন চরম দুর্ভোগে পড়েছে।