
ছবি: সংগৃহীত
বাগেরহাটের মোংলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মোংলা হেলিপ্যাড মাঠে এ হামলা হয়। এতে দুইজন আহত হয়েছেন এবং প্রস্তুত করা খাবার লুট ও নষ্ট করা হয়।
আহতরা হলেন সোবাহান মোল্লা (৩০) ও মো. মাইনুল (২৫)। দোয়া মাহফিলটির আয়োজন করেন বাগেরহাট–৩ (রামপাল ও মোংলা) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম। তিনি বাগেরহাট–২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দোয়া মাহফিল শুরুর আগেই একদল দুর্বৃত্ত প্রায় দেড় হাজার মানুষের জন্য প্রস্তুত করা খাবার লুট করে নিয়ে যায় এবং বেশ কিছু খাবার নষ্ট করে ফেলে। এতে বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। হামলার সময় উপস্থিত লোকজন প্রাণ বাঁচাতে মোংলা থানা ও আশপাশের বিভিন্ন স্থানে আশ্রয় নেন। খবর পেয়ে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
হামলার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহত সোবাহান মোল্লা অভিযোগ করে বলেন, পূর্বপরিকল্পিতভাবে একটি সংঘবদ্ধ দল দোয়া মাহফিল বানচাল করতেই এ হামলা চালিয়েছে। হামলার সময় ডেকোরেটর মালিক ও বাবুর্চিদেরও হুমকি দেওয়া হয়।
মোংলা থানার সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।











































