বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৪ জানুয়ারি ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শেয়ার

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের


Nazmul-Islam

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছেন ক্রিকেটাররা। বুধবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।

কোয়াবের সভাপতি ও জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন বলেন, বৃহস্পতিবার বিপিএলের ম্যাচের আগেই নাজমুলকে পদত্যাগ করতে হবে। অন্যথায় ক্রিকেটাররা সব ধরনের খেলা বন্ধ রাখবেন। এর অর্থ, আগামীকালের বিপিএল ম্যাচও বর্জন করা হতে পারে।

সম্প্রতি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে এম নাজমুলের মন্তব্য ঘিরে এই বিতর্ক তৈরি হয়। তিনি গণমাধ্যমে বলেন, ক্রিকেটাররা খারাপ খেললেও তাঁদের বেতন বা ফি কাটা হয় না, তাহলে বিশ্বকাপে দল না গেলে কেন ক্ষতিপূরণ পাবেন। এ মন্তব্যে ক্ষুব্ধ হয়ে কোয়াব সংবাদ সম্মেলন ডেকে তাঁর পদত্যাগের আল্টিমেটাম দেয়।

এ ছাড়া ক্রিকেটারদের সম্মানি নিয়ে কটাক্ষ করে নাজমুল বলেন, খেলতে গিয়ে কিছুই না করলে বোর্ডের খরচ করা টাকার কি ফেরত চাওয়া হয়? তিনি আরও বলেন, বোর্ড ছাড়া ক্রিকেটারদের অস্তিত্ব নেই- যেমন শরীর ছাড়া হাতের কোনো কাজ নেই।

এই মন্তব্যকে অসম্মানজনক ও অবমাননাকর বলে দাবি করে ক্রিকেটাররা নাজমুলের পদত্যাগ দাবি করছেন।