রবিবার । মে ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৭ জানুয়ারি ২০২৬, ৮:০১ অপরাহ্ন
শেয়ার

চট্টগ্রামে ৩৩০ ব্যক্তিকে ‘দুষ্কৃতকারী’ ঘোষণা পুলিশের


CMP

চট্টগ্রাম মহানগরীতে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৩৩০ জন ব্যক্তিকে ‘দুষ্কৃতকারী’ হিসেবে চিহ্নিত করে তাদের প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। শনিবার (১৭ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মহানগরী এলাকায় অবস্থানরত দুষ্কৃতিকারীদের বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যক্তির চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমন জোরদার করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, ২০২৫ সালের ১৩ আগস্ট বন্দর থানার এক উপ-পরিদর্শক গুরুতর আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে অস্ত্রধারীদের দেখামাত্র গুলি করার মৌখিক নির্দেশ দিয়েছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। ওই নির্দেশনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

পরবর্তীতে গত বছরের ১১ নভেম্বরও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এসএমজি ব্রার্স্টফায়ার ব্যবহারের নির্দেশ দেন তিনি। সে সময় পুলিশ সদস্যদের উদ্দেশে কমিশনার জানান, পরিস্থিতি মোকাবিলায় সব দায়ভার তিনি নিজেই বহন করবেন।

সিএমপির সর্বশেষ এই সিদ্ধান্তকে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।