রবিবার । মে ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৯ জানুয়ারি ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শেয়ার

কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রবাসীকে মারধর, নগদ অর্থ লুট


foysal-mia

আহত মো. ফয়সাল মিয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মো. ফয়সাল মিয়া (৩৮) নামে এক প্রবাসীকে আটকে রেখে নৃশংসভাবে মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের এই হামলার কারণে ভুক্তভোগীর মালয়েশিয়াগামী ফ্লাইট বাতিল হয়ে গেছে, যার ফলে তার দীর্ঘ ২১ বছরের প্রবাস জীবন ও কর্মস্থলে ফেরা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী প্রবাসীর মা মোছা. শিউলী বেগম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত রবিবার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দাউদকান্দি উত্তর ইউনিয়নের ভাজরা গ্রামের মো. ফয়সাল মিয়া মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি স্থানীয় ওমেলা বেগমের চায়ের দোকানের সামনে পৌঁছালে মো. নাঈম মিয়া (২৮), মো. রেজাউল মিয়া (৪৮) ও মো. আল আমিনসহ (৩৮) অজ্ঞাত আরও ৩-৪ জন সন্ত্রাসী তার পথরোধ করে। হামলাকারীরা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে ফয়সালের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

এ সময় চাঁদা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা ফয়সাল মিয়াকে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং গুরুতর আহত অবস্থায় একটি কক্ষে আটকে রাখে। এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধ করার চেষ্টা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ছেলেকে বাঁচাতে গিয়ে মা শিউলী বেগমও সন্ত্রাসীদের হাতে আহত হন।

এক পর্যায়ে হামলাকারীরা ফয়সাল মিয়ার কাছে থাকা নগদ ১ লাখ টাকা লুট করে নেয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করা সম্ভব হলেও শারীরিক জখম ও মানসিক ট্রমায় তিনি সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি, ফলে তার মালয়েশিয়াগামী ফ্লাইটটি বাতিল হয়ে যায়।

ভুক্তভোগীর মা শিউলী বেগম জানান, তার ছেলে দীর্ঘ ২১ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। দেশে ফেরার পর থেকেই এলাকার কিছু চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী তার ছেলের কাছে নিয়মিত চাঁদা দাবি করছিল এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। পরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে ফয়সালের প্রবাসে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, সোমবার দুপুরে ভুক্তভোগী পরিবার একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তে ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।