
ফাইল ছবি
একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা, যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) থেকে সারা দেশে সোনার নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
বাজুস জানায়, নির্ধারিত সোনার দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে গতকাল (১৯ জানুয়ারি) সোনার দাম বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার মূল্য ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা নির্ধারণ করেছিল বাজুস, যা কার্যকর হয় আজ ২০ জানুয়ারি থেকে। সেটিও ছিল তখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।
চলতি বছরে এ নিয়ে ৯ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৭ দফা দাম বেড়েছে এবং ২ দফা কমানো হয়েছে। আর গত বছর দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
এদিকে সোনার দামের পাশাপাশি রুপার দামেও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। নতুন দাম আনুযায়ী ২২ ক্যারেটের রুপার ভরি ছয় হাজার ৫৯০ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি ছয় হাজার ২৯৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম চার হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।










































