
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁস প্রতীকে লড়বেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় নির্বাচন কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক গ্রহণ করেন।
একই দিন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলার ছয়টি সংসদীয় আসনের মোট ৪৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, তার রাজনৈতিক শক্তির মূল উৎস ভোটার ও কর্মী-সমর্থকরা। নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাধারণ মানুষের প্রতিনিধি উল্লেখ করে রুমিন ফারহানা আরও বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষ যেভাবে চাইবেন, তাদের মতামত অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় চূড়ান্তভাবে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। দলীয় প্রার্থীরা নিজ নিজ দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা পছন্দ অনুযায়ী প্রতীক পেয়েছেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি তার দলীয় প্রতীক ‘মাথাল’ বরাদ্দ পেয়েছেন।











































