
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নির্বাচনী ‘থিম সং’ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর শাহবাগ মোড়ে আনুষ্ঠানিকভাবে এই থিম সং উন্মোচন করেন দলের মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
থিম সং প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “যেখানে আমাদের জন্ম ও বেড়ে ওঠা, সেখান থেকেই আমরা এই থিম সং উদ্বোধন করতে চেয়েছি। আমরা কোনো ফাইভ স্টার হোটেলে গিয়ে আয়োজন করিনি।”
তিনি বলেন, “আমাদের প্রতিটি আয়োজনে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই লক্ষ্য। সে কারণেই সাদামাটা পরিবেশে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, যাতে সবাই সহজেই অংশ নিতে পারেন।”
অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা আরও বলেন, “সমাজের সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের রাজনৈতিক দর্শনের মূল কথা। এমন কোনো জায়গায় আমরা অনুষ্ঠান করিনি, যেখানে সাধারণ মানুষের প্রবেশ সীমিত থাকে। আজকের এই আয়োজনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেটিই প্রমাণ করে।”
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মুনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচনকে সামনে রেখে এনসিপির এই থিম সং প্রকাশকে দলের প্রচারণার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। দলের নেতারা বলছেন, সাধারণ মানুষের অংশগ্রহণ ও জনসম্পৃক্ততাকে সামনে রেখে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
থিম সং দেখতে এখানে ক্লিক করুনব












































