মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ২৫ জানুয়ারি ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন
শেয়ার

জানুয়ারির ২৪ দিনে দেশে এলো ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স


remittance

ফাইল ছবি

চলতি জানুয়ারি মাসের ২৪ দিনে দেশে প্রবাসী আয় এসেছে প্রায় ২৪৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৩২ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বছরের একই সময়ে এসেছিল ১৬৬ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, শুধু ২৪ জানুয়ারি এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৪ কোটি ৬০ লাখ ডলার।

এদিকে চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৭৪ কোটি ২০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৪০ শতাংশ বেশি।

এর আগে গত ডিসেম্বর মাসে দেশে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। এটি চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে প্রাপ্ত দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে টাকা পাঠানোর প্রবণতা বাড়া এবং বিভিন্ন প্রণোদনার কারণে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা বজায় রয়েছে।