রবিবার । মার্চ ২২, ২০২৬
বাসস দেশজুড়ে ২৬ জানুয়ারি ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শেয়ার

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ১২ সাংবাদিক আহত


Narshingdi

নরসিংদীর মাধবদীতে ড্রিম হলিডে পার্কের সামনে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হামলায় ঢাকা থেকে পিকনিকে যাওয়া ১২ সাংবাদিক আহত হয়েছেন।

এদের মধ্যে ৬ জন সন্ত্রাসীদের হামলায় মাথাসহ শরীরের গুরুত্বপূর্ণ স্থানে গুরুতর আহত হয়েছেন। সন্ত্রাসীরা এ সময় অস্ত্রের ভয় দেখায় এবং সাংবাদিকদের বহন করা গাড়ির ভেতরে থাকা স্ত্রী-সন্তানদের পুড়িয়ে মারার হুমকিও দেয়। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে।

আজ সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে বাসযোগে ঢাকায় ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে বাসটি সাময়িকভাবে রাস্তার পাশে পার্কিং করা হলে স্থানীয় একদল সন্ত্রাসী জোরপূর্বক চাঁদা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ জানালে প্রথমে বাকবিতণ্ডা হয় এবং পরে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় ফয়েজ আহমেদ, শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, সাখাওয়াত কাউসার এবং ক্র্যাবের স্টাফ লালসহ ১২জন সাংবাদিক আহত হন। গুরুতর আহতদের দ্রুত নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ্-আল-ফারুক বাসসকে বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে গ্রেপ্তার করেছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মধাবদী থানায় মামলা রেকর্ড হচ্ছে।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সংগঠনের পক্ষ থেকে মাধবদী থানায় মামলা দায়ের করা হচ্ছে। চাঁদাবাজ-সন্ত্রাসীদের আমরা কোন ছাড় দেবো না।