রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৭ জানুয়ারি ২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ন
শেয়ার

প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ


salauddin

ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভন দেখিয়ে আমেরিকা প্রবাসী এক বাংলাদেশি নারীকে ব্ল্যাকমেইল করে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো. সালাউদ্দিন (২৯) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তার সালাউদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছামদার পাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. সেলিম। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত মঙ্গলবার চট্টগ্রামের লোহাগাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানায়, অভিযুক্ত সালাউদ্দিন ফেসবুকভিত্তিক ম্যারেজ মিডিয়া পেজ ‘বিসিসিবি মেট্রিমোনিয়াল হেভেনলি ম্যাচ’–এর মাধ্যমে ওই প্রবাসী নারীর সঙ্গে পরিচিত হন। পরিচয়ের সময় তিনি নিজেকে ‘নাদিম আহমেদ সুমন’ নামে পরিচয় দিয়ে কানাডা প্রবাসী ও বিপত্নীক বলে দাবি করেন। বিশ্বাসযোগ্যতা বাড়াতে ভিডিও কলে নিজের মা ও বোন পরিচয়ে আরও দুজনকে ভুক্তভোগীর সঙ্গে কথা বলান।

পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন হয়। এরপর অভিযুক্ত ব্যক্তি আমেরিকায় যাওয়ার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে একের পর এক আর্থিক সহায়তা নিতে থাকেন। এক পর্যায়ে ভিডিও কলে কৌশলে ভুক্তভোগীর আপত্তিকর ভিডিও ধারণ করেন এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইল শুরু করেন।

ব্ল্যাকমেইল ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অভিযুক্ত সালাউদ্দিন বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশের মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে আনুমানিক ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার আত্মসাৎ করেন, যার বর্তমান বাংলাদেশি মূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার টাকা।

সিআইডি আরও জানায়, সালাউদ্দিনের বিরুদ্ধে এর আগেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ৮০ থেকে ৮৫ জন ভুক্তভোগীর সঙ্গে প্রতারণা করার কথা স্বীকার করেছেন।