রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৯ জানুয়ারি ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
শেয়ার

এনসিটি ইস্যুতে চট্টগ্রাম বন্দর শাটডাউনের ঘোষণা শ্রমিকদের


Ctg-Bangar

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তিতে আইনগত বাধা নেই- হাইকোর্টের এমন রায়ের পর বৃহস্পতিবার বন্দর ভবনের ভেতরে বিক্ষোভ করেছেন বন্দর শ্রমিক-কর্মচারীরা। এ সময় তারা আগামী শনিবার থেকে চট্টগ্রাম বন্দরে শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেন।

শ্রমিক নেতারা জানান, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে। এরপর রোববার একই সময়ে প্রশাসনিক ও অপারেশনাল- উভয় কার্যক্রমই স্থগিত রাখা হবে। এ সময় পণ্য ওঠানামা, কনটেইনার হ্যান্ডলিং, জাহাজ থেকে পণ্য খালাসসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।

সিবিএর সাবেক প্রচার সম্পাদক হুমায়ুন কবির বলেন, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে কেবল অপারেশনাল কার্যক্রম এবং পরের দিন প্রশাসনিকসহ সব কার্যক্রম বন্ধ রাখা হবে।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে- চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ, বর্তমান বন্দর বোর্ডকে অবৈধ ঘোষণা করে বাতিল এবং জাতীয় সম্পদ হিসেবে চট্টগ্রাম বন্দরের কোনো টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা বা হস্তান্তরের প্রক্রিয়া বাতিল করা।

এর আগে বৃহস্পতিবার সকালে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তিসংক্রান্ত চলমান প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ (রুল ডিসচার্জ) করেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর মাধ্যমে হাইকোর্টে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রিট খারিজের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

রায়ের পর রিট আবেদনকারীর অন্যতম আইনজীবী আনোয়ার হোসেন জানান, হাইকোর্টের একক বেঞ্চ রুল ডিসচার্জ করে রায় দিয়েছেন এবং এই রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। তিনি জানান, রায়ে উল্লেখ করা হয়েছে- দুবাই সরকারের পক্ষে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্তৃপক্ষের করা সমঝোতা স্মারক আইনগতভাবেই বৈধ।