
বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নারী অভিনয়শিল্পীদের যৌন হেনস্তার অভিযোগ নতুন নয়। নবাগত থেকে শুরু করে প্রতিষ্ঠিত বহু অভিনেত্রীই নানা সময় ভয়ংকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। এবার ক্যারিয়ারের শুরুর দিকের এক তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন দক্ষিণী ও বলিউডের পরিচিত মুখ ঐশ্বর্যা রাজেশ।
নিকিল বিজয়েন্দ্র সিংহের একটি পডকাস্টে অংশ নিয়ে ঐশ্বর্যা জানান, ইন্ডাস্ট্রিতে পা রাখার একেবারে শুরুর দিকে তিনি যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। তখন চলচ্চিত্র জগত সম্পর্কে তার তেমন কোনো ধারণাই ছিল না বলে জানান অভিনেত্রী।
ঐশ্বর্যার ভাষ্য অনুযায়ী, ভাইয়ের সঙ্গে একটি ফটোশুটে গিয়েছিলেন তিনি। সেখানে ফটোগ্রাফার তার ভাইকে বাইরে বসতে বলে তাকে একা ভেতরে নিয়ে যান এবং হাতে লিঞ্জারি ধরিয়ে দেন। এরপর ওই ব্যক্তি বলেন, তিনি তার শরীর দেখতে চান। বিষয়টি শুনে তিনি সম্পূর্ণ হতভম্ব হয়ে পড়েন।
অভিনেত্রী বলেন, সেই বয়সে তিনি বুঝতেই পারেননি, বিষয়টি স্বাভাবিক নাকি অস্বাভাবিক। প্রায় রাজি হয়েই যাচ্ছিলেন, কিন্তু ভেতরের অস্বস্তি তাকে থামিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে তিনি ফটোগ্রাফারকে জানান, আগে ভাইয়ের অনুমতি নিতে হবে। এই অজুহাতেই সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তিনি। ঐশ্বর্যার আক্ষেপ, ওই ব্যক্তি হয়তো আরও অনেক মেয়ের সঙ্গেই এমন আচরণ করেছে। তবে এই ঘটনার কথা তিনি কোনো দিন তার ভাইকেও জানাননি।
একই সাক্ষাৎকারে কর্মক্ষেত্রে মানসিক হেনস্তার আরেক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ঐশ্বর্যা রাজেশ। তিনি জানান, একবার শুটিং সেটে দেরি করে পৌঁছানোর কারণে এক পরিচালক তাকে সবার সামনে চিৎকার করে অপমান করেন।
এ প্রসঙ্গে ঐশ্বর্যার মন্তব্য, ভুল হলে আলাদা করে জানানো যায়, কিন্তু সবার সামনে অপমান করা বা তুলনা করে ছোট করা মোটেই ঠিক নয়। প্রকাশ্যে অপমানের এই সংস্কৃতি থেকে ইন্ডাস্ট্রির বেরিয়ে আসা উচিত বলেও মনে করেন তিনি।
কাজের ক্ষেত্রে ঐশ্বর্যা রাজেশকে সর্বশেষ দেখা গেছে তামিল চলচ্চিত্র ‘থিয়েভার কুলাইগাল নাদুঙ্গা’-তে, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন অর্জুন। এছাড়া ২০২৫ সালের হিট তেলুগু ছবি ‘সাংক্রান্তিকি ভাসথুনাম’-এও অভিনয় করেছেন তিনি। বর্তমানে তিনি পরিচালক ভারত দর্শনের ‘ওহ.. সুকুমারী’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত, যেখানে তার সহ-অভিনেতা থিরুভীর।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস









































