
আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবেবরাত পালিত হবে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত মুসলমানদের কাছে শবেবরাত বা লাইলাতুল বরাত হিসেবে পরিচিত।
পবিত্র শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। তিনি এ রাতকে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের এক বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা এবং মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
এ উপলক্ষে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকবে।
বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, ইবাদত-বন্দেগি, দান-সদকা, আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে আল্লাহ তায়ালার নৈকট্য ও ক্ষমা লাভ করা সম্ভব।
পবিত্র শবেবরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাগরিবের নামাজের পর ওয়াজ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হবে।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী এবং রাত ৮টা ৩০ মিনিটে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ওয়াজ করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।
ব্যক্তিগত নফল ইবাদতের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সারা রাত খোলা থাকবে। ফজরের নামাজের পর আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
এ ছাড়া পবিত্র শবেবরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি গণমাধ্যমে এ উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করা হবে।







































