শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ন
শেয়ার

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ


gunfire

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও তিনজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

বৃহস্পতিবার (রাত সাড়ে ৮টার দিকে) টেকনাফের ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/০৪ (পুরাতন ব্লক ডি/০৬) এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রোহিঙ্গারা হলেন- নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬) এবং নূরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)। আহত তিন বাংলাদেশি হলেন- হ্নীলা আলীখালী এলাকার ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮), আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮) ও নুর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলিতে পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে দুইজন রোহিঙ্গা ও তিনজন বাংলাদেশি রয়েছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ডাম্পার গাড়িতে প্রচারণা চালানো হচ্ছিল। এ সময় গাড়ির আশপাশে লোকজন জড়ো হলে হঠাৎ একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন গুলিবিদ্ধ হন।

আলীখালী এলাকার বাসিন্দা মো. আব্দুল হামিদ বলেন, একটি প্রচারণার গাড়িতে গান-বাজনা ও নাচের আয়োজন চলছিল। অনেক মানুষ তা দেখতে জড়ো হয়। হঠাৎ গাড়ির আশপাশ থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়া হলে এক শিশুসহ পাঁচজন আহত হন। পরে আহতদের আলীখালী আইআরসি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার একটি ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সেখানে উৎসুক জনতা জড়ো হয়। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ করে জনতার ওপর গুলি চালায়। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। তবে কারা গুলি করেছে, তা এখনো জানা যায়নি।