শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন
শেয়ার

ফরিদগঞ্জের রূপসায় ৫৬ বছর পর ভোটের নতুন সূর্যোদয় 


rupsha১৯৬৯ সাল থেকে দীর্ঘ ৫৬ বছরের এক অলিখিত নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে অবশেষে ভোটকেন্দ্রে এসেছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই এই ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। 

স্থানীয়ভাবে প্রচলিত এক নিষেধাজ্ঞার কারণে গত কয়েক দশকে যেখানে কোনো নারী ভোট দিতে আসতেন না, সেখানে ৭০ বছর বয়সী আয়েশা বেগম কিংবা ৪৫ বছর আগে বিয়ে হওয়া নূরজাহান বেগমদের উপস্থিতি আজ এক ঐতিহাসিক মুহূর্তের জন্ম দিয়েছে। ভোটকেন্দ্রে এসে আয়েশা বেগম উচ্ছ্বসিত হয়ে জানান, জীবনে এই প্রথমবার ভোট দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। স্থানীয় প্রশাসন ও আলেম সমাজের যৌথ প্রচেষ্টায় ভুল ধারণা ভেঙে যাওয়ায় এবার বিপুল উৎসাহে নারীরা ভোটাধিকার প্রয়োগ করতে ঘর থেকে বেরিয়ে এসেছেন।

গৃদকালিন্দিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের দীর্ঘ সারি। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এ কে এম লোকমান হাকিম জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত পড়া ৪০১টি ভোটের মধ্যে ১৫৯টিই ছিল নারীদের। পুরো ইউনিয়নে ১০ হাজার ২৯৯ জন নারী ভোটার রয়েছেন, যাদের অংশগ্রহণ এবারের নির্বাচনের ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। 

স্থানীয় প্রশাসন ও সচেতন নাগরিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৬৯ সালে স্থানীয়ভাবে নারীদের ভোটকেন্দ্রে যাওয়ার ওপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা ইসলামের ভুল ব্যাখ্যার ওপর দাঁড়িয়ে ছিল। সম্প্রতি চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ইমাম ও আলেমদের সঙ্গে একাধিক বৈঠকের পর নারীদের মধ্যে এই সচেতনতা তৈরি হয় যে, ইসলামের দৃষ্টিতে ভোট দেওয়া কোনো অপরাধ বা পর্দার অন্তরায় নয়।

চাঁদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার এ বিষয়ে বলেন, ৫৬ বছর আগের এক ভুল নির্দেশনাকে এতদিন লালন করা হয়েছে, যা বর্তমান সময়ে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

চরমান্দারী শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা অর্চনা রানীর মতো অনেকেই প্রথমবার এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুস সামাদ জানান, অনেক নারী এর আগে কখনো ভোট না দেওয়ায় ভোট দেওয়ার নিয়মকানুন নিয়ে দ্বিধায় থাকলেও তাদের মধ্যে দারুণ আগ্রহ দেখা গেছে। 

বেলা ১১টার দিকে কেন্দ্র পরিদর্শনে এসে পুলিশ সুপার রবিউল হাসান সন্তোষ প্রকাশ করে জানান, নারীদের বোঝানো হয়েছে ভোট দিলেও তাদের পর্দা বা শালীনতায় কোনো ব্যাঘাত ঘটবে না। এই উপলব্ধি থেকেই আজ চাঁদপুরের ফরিদগঞ্জে গণতন্ত্রের এক নতুন অধ্যায় রচিত হলো।