শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শেয়ার

সিলেট বিভাগে ১৯ আসনের ১৮টিতেই বিএনপির জয়


Sylhet

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতে জয় পেয়েছে বিএনপি। বাকি একটি আসনে বিজয়ী হয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান। ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, সিলেট বিভাগের কোনো আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামী জয় পায়নি।

বেসরকারি ফলাফল অনুযায়ী, সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে সিলেট-১ আসনে খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে মোহাম্মদ আবদুল মালিক, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী এবং সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী জয় পান। কেবল সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান দেয়ালঘড়ি প্রতীকে বিজয়ী হন।

সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের সবকটিতেই বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে নাসির উদ্দীন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন বিজয়ী হন।

মৌলভীবাজার জেলার চারটি আসনের সবকটিতেই বিএনপি জয় পেয়েছে। এর মধ্যে মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী বিজয়ী হয়েছেন।

হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের সবকটিতেও বিএনপির প্রার্থীরা জয় পেয়েছেন। এর মধ্যে হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে জি কে গৌছ এবং হবিগঞ্জ-৪ আসনে এস এম ফয়সল বিজয়ী হয়েছেন।