
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর প্রবাস ফেরত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৪ নং সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথার কাছে একটি বালুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত সোহাগ মিঝি (৩০) স্থানীয় লালগাজী মিঝি বাড়ির বাসিন্দা এবং তাজুল ইসলাম মিঝির ছেলে। সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরে তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।
পরিবারের সদস্যরা জানান, নির্বাচনের দিন রাতে সোহাগ বাড়ি থেকে বের হন এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর স্থানীয়রা বালুর মাঠে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে স্বজনরা মরদেহটি সোহাগের বলে শনাক্ত করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। তিনি বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”









































