শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ন
শেয়ার

পাবনায় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গ্রেফতার


asadullah

যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আসাদুল্লাহ। ছবি: সংগৃহীত

জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক মুহাম্মদ আসাদুল্লাহকে চেক জালিয়াতির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার আসাদুল্লাহ ওই গ্রামের আকমল শিকদারের ছেলে। তিনি এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক এবং প্রেস উইংয়ের দায়িত্বে রয়েছেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটির দায়িত্বও পালন করেছেন।

আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা অভিযোগ করেন, শুক্রবার গভীর রাতে পুলিশ তাকে বাড়ি থেকে নিয়ে যায়। একটি পারিবারিক ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলায় তাকে জড়ানো হয়েছে দাবি করে তার দ্রুত মুক্তি চান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক জালিয়াতির মামলায় এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন আসাদুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে গণভোটের এম্বাসেডর হিসেবে এলাকায় প্রচারণায় অংশ নিতে তিনি গ্রামে এসেছিলেন। নির্বাচন শেষে সেখানেই অবস্থানকালে শুক্রবার রাতে কামালপুর ফাঁড়ি পুলিশ তাকে আটক করে সুজানগর থানায় হস্তান্তর করে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খইম উদ্দিন বলেন, ২০২৪ সালের একটি চেক জালিয়াতির মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।