শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৬ পূর্বাহ্ন
শেয়ার

বরিশালে শিক্ষককে পেটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা, ভিডিও ভাইরাল


বরিশালের উজিরপুরে এক শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হারতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

মারধরের শিকার উত্তম কুমার উপজেলার হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। অভিযোগ রয়েছে, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজীর নেতৃত্বে তাকে প্রকাশ্যে মারধর করা হয়। একপর্যায়ে তাকে একটি নির্মাণাধীন ঘরের ভেতরে নিয়ে গিয়ে পেটানো হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক তরুণীর সঙ্গে শিক্ষকের ঘনিষ্ঠতার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নেতা বিষয়টিকে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করেছেন।

তবে শিক্ষক উত্তম কুমার দাবি করেছেন, সংশ্লিষ্ট তরুণী তার ছাত্রী নন। উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ের প্রস্তুতি চলছিল বলেও জানান তিনি। কে বা কারা ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ভাইরাল ভিডিওটি পুলিশ দেখেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।