
ছবি: সংগৃহীত
সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরিফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন সাদ্রা দরবার শরিফের পীরজাদা পীর ড. বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী।
এছাড়া মতলব উত্তর উপজেলার সাতকানিয়া মির্জাখীল দরবার শরিফের তারাবির নামাজের প্রস্তুতিও চলছে। বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন বর্তমান গদীনশীন পীর ড. মাওলানা সৈয়দ মোহাম্মদ মাকসুদুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তি উপজেলার বেশ কয়েকটি গ্রাম সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করবে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর ও বাসারা গ্রামে বুধবার থেকে রোজা পালন করা হবে। ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তি উপজেলার আরও কয়েকটি গ্রামও একই দিনে রোজা শুরু করবে।
সাদ্রা দরবার শরিফের পীরজাদা ড. বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে চাঁদ দেখা যাওয়ার পর এখানকার তারাবি ও রোজা পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ১৯৩২ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের চাঁদ দেখার সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপনের নিয়ম চালু করেছেন।









































